রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ একাংশের নেতা-কর্মীদের
রাঙামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। গত বুধবার রাতে শহরের কাঁঠালতলী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই তালা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
জানা গেছে, গত ২ মে মো. অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকেই এই কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। গত ৪ মে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছিল।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবি, কমিটি পুনর্গঠনের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত রাখার কথা থাকলেও তারা বিভিন্ন উপজেলায় কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই তারা কার্যালয়ে তালা দিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই তালা ঝুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ জানান, তিনি বর্তমানে সাংগঠনিক কাজে বাঘাইছড়ি উপজেলায় অবস্থান করছেন। কার্যালয়ে আগে থেকেই তালা দেওয়া ছিল, নতুন করে তালা দেওয়ার বিষয়টি তার জানা নেই। তবে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।
রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিয়েছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা ঝুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সূত্র: প্রথম আলো
This theme has been developed by OURISLABD.
Post a Comment