প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মগনামা কুতুবদিয়া সি-ট্রাক উদ্বোধন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
খোরশেদুল ইসলাম,পেকুয়া।
কক্সবাজারের কুতুবদিয়া মগনামা-নৌরুটে আধুনিক সি-ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। তবে ফেরিঘাট ইস্যুতে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “ফেরিঘাট নিয়ে রাজনীতি করা হলে উন্নয়ন হয় না। এই রাজনীতির কারণেই দ্বীপাঞ্চলগুলো বারবার পিছিয়ে পড়ে।”
রোববার (২৫ জানুয়ারী ) দুপুরে পেকুয়ার মগনামা ঘাটে মগনামা-কুতুবদিয়া নৌরুটে সি-ট্রাক চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, কুতুবদিয়া একটি গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ ঝুঁকিপূর্ণ সাগরপথে চলাচল করে আসছে। নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই সি-ট্রাক চালু করা হয়েছে। এর মাধ্যমে দ্বীপবাসীর যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
উদ্বোধন শেষে সি-ট্রাকে করে মগনামা ঘাট থেকে কুতুবদিয়া সফর করেন নৌপরিবহন উপদেষ্টা। এ সময় তিনি জানান, শিগগিরই মগনামা-কুতুবদিয়া রুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে অযথা রাজনীতি না করে সবাইকে উন্নয়নের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে উত্তাল সাগরের কারণে কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। সি-ট্রাক চালু হওয়ায় তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। যদিও ভবিষ্যতে ফেরি সার্ভিস চালুর দাবিও জানান দ্বীপবাসী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, দুই শত যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাকটি প্রতিদিন মগনামা ঘাট থেকে সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় কুতুবদিয়ার উদ্দেশে ছাড়বে। কুতুবদিয়া থেকে মগনামা ঘাটে ছাড়বে সকাল সাড়ে ৭টা, বেলা ১২টা ও বিকেল ৫টায়। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
সি-ট্রাক চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুতুবদিয়ার সাধারণ মানুষ। তারা মনে করছেন, দ্বীপের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ( বিআইডব্লিউটিএ)'র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহ,কুতুবদিয়ার সন্তান ঢাকা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপচার্য জয়নাল আবেদীন সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.


Post a Comment