পেকুয়ায় ১৩ বছরের কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, জুয়েলারি দোকানের কর্মচারী আটক
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজারে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে অমল ধর (৩৮) নামে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টইটং বাজারের এমডি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
আটক অমল ধর কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের উত্তর নাথপাড়ার মৃত চিত্তরঞ্জন ধরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ বাবার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চাইতে ওই কিশোরী টইটং বাজারের এমডি জুয়েলার্সে যায়। এ সময় দোকানের কর্মচারী অমল ধর তাকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে কিশোরী চিৎকার করে দোকান থেকে বেরিয়ে আসে এবং স্থানীয়দের কাছে ঘটনার কথা জানায়।
টইটং বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি সেলিম উদ্দিন, সদস্য হেলালসহ কয়েকজন ব্যবসায়ী জানান, দোকানের ভেতর থেকে চিৎকার শুনে তাঁরা সেখানে যান। তাঁদের দাবি, এ সময় কিশোরীকে দ্রুত দোকান থেকে বেরিয়ে আসতে দেখেন এবং দোকানের কর্মচারীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পেকুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরী ও অভিযুক্ত অমল ধরকে থানায় নিয়ে যায়। পরে কিশোরীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে যৌন হয়রানি করা হয়েছে বলে সে জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, টইটং বাজারের একটি জুয়েলারি দোকানের কর্মচারীর বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। পরে ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তকে থানায় আনা হয়। কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
This theme has been developed by OURISLABD.
