শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র
জুলাই বিপ্লবের অন্যতম শহিদ ওয়াসিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিমের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহিদ ওয়াসিমের বাড়িতে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি প্রথমেই শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেন। এরপর তিনি ফাতেহা পাঠ করে শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা আক্তারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী শহিদ পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।"
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় সফরসঙ্গী ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মেহেরনামা এলাকায় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শহিদ পরিবারের প্রতি এই সম্মান ও সহমর্মিতা অত্যন্ত প্রশংসনীয়।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী সরাসরি শহিদ ওয়াসিমের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment