ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পেকুয়ায় নারী আটক
খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভুয়া ডিজিএফআই (DGFI) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন। এ সময় তার কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী তাকে নিজ কার্যালয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সত্যতা যাচাইয়ের পর রাত ১১টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফোন পেয়ে আমরা জানতে পারি যে, এক নারী নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে পরিষদের অফিশিয়াল কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে।"
ওসি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Post a Comment