চবি ছাত্রদল সম্পাদকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে কাছে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নোমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত শোনেন।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার সফরকালে এ ঘটনা ঘটে। এর আগে শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী নোমানকে ডেকে নেন।
পরবর্তীতে নোমানকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের কর্মী ছিলেন। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে শহীদ হওয়ার আগ পর্যন্ত ওয়াসিম রাজপথে নোমানের সঙ্গেই আন্দোলনে সক্রিয় ছিলেন।
সাক্ষাৎকারের বিষয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, “প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে ফেরার পথে আমাকে কাছে ডেকে নেন। তিনি পরম মমতায় আমার স্বাস্থ্যের খোঁজ নেন এবং চবি ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক পরিস্থিতির বিষয়ে জানতে চান।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেছি। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের বেহাল দশা, ট্রেনের সংকট এবং দীর্ঘদিনের আবাসন সমস্যার কথা তাকে বিশেষভাবে অবহিত করি। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বসহকারে আমার কথাগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিবকে বিষয়গুলো নোট করতে নির্দেশ দেন। তিনি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
এর আগে, কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছের চারা লাগানোর একটি বিশেষ কর্মসূচিরও উদ্বোধন করেন।

Post a Comment