কউকের নতুন চেয়ারম্যান পেকুয়ার প্রকৌশলী জসিম উদ্দিন
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পেকুয়ার কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। গতকাল ১১ জুন (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, 'কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬' এর ধারা-৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব লাভ করেছেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
কউকের নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিনের স্থায়ী নিবাস কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা গ্রামে। তিনি স্থানীয় শিক্ষাবিদ মাস্টার কামাল হোসেনের সন্তান। পেশাগত জীবনে দক্ষ ও অভিজ্ঞ এই প্রকৌশলীর নতুন দায়িত্বে নিয়োগের খবরে তাঁর নিজ এলাকা পেকুয়াসহ সমগ্র কক্সবাজারে আনন্দের হাওয়া বইছে।
কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন, পর্যটন জোনের আধুনিকায়ন এবং পরিকল্পিত নগর গঠনে কউকের নতুন চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

Post a Comment