হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণ এবং ইরানের ইউরেনিয়াম মজুত জব্দের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং তেহরানের অস্বীকৃতি সত্ত্বেও মার্কিন বাহিনী শেষ পর্যন্ত দেশটির উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কবজায় নিয়ে নেবে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে হরমুজ প্রণালির ওপর এখন ওয়াশিংটনের শতভাগ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি এই অবরোধকে একটি ‘ইস্পাত প্রাচীর’ হিসেবে বর্ণনা করেছেন যা শত্রুপক্ষের সব ধরনের নৌযান চলাচলকে অবরুদ্ধ করে দিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান এই মজুত মাটির নিচে লুকিয়ে রেখেছে। ট্রাম্প জানান, এই ইউরেনিয়াম উদ্ধার বা নিষ্ক্রিয় করাই এখন তাদের প্রধান লক্ষ্য। তবে এই কঠোর অবরোধের মধ্যেও ওয়াশিংটন আন্তর্জাতিক এই নৌপথকে উন্মুক্ত ও শুল্কমুক্ত দেখতে চায় বলে তিনি উল্লেখ করেন। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চললেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই যেন সীমানার বাইরে না যায়। চলমান এই কূটনৈতিক সংকটের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফর করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের এই মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে এর মাধ্যমে চলমান অচলাবস্থা কাটতে পারে।
হরমুজ প্রণালি এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম মজুত জব্দের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র গড়তে দেওয়া হবে না।
সূত্র: bd24live
This theme has been developed by OURISLABD.
Post a Comment