পেকুয়াকে 'পৌরসভা'ঘোষণা করায় আনন্দ মিছিল
খোরশেদুল ইসলাম:
কক্সবাজারের পেকুয়া উপজেলাকে পৌরসভা হিসেবে ঘোষণার প্রেক্ষিতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেল ৪টায় উপজেলা নাগরিক কমিটির ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ গেইট চৌমুহনী প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সফওয়ানুল করিম। পরে ওয়াপদা চত্বরে অনুষ্ঠিত শোকরানা সভায় তিনি বলেন, পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এ ঘোষণার মাধ্যমে পেকুয়ার উন্নয়ন, নাগরিক সুবিধা ও আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এজন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, পেকুয়ার মানুষের ঐক্য, প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে এ ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শোকরানা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment