ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে এবং ইতোমধ্যে তিনি কমিশনের চেয়ারম্যানের নিকট যোগদানপত্র জমা দিয়েছেন।
ড. আব্দুল্লাহ-আল-মামুন আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যাডেলফি ইউনিভার্সিটিতে ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপ লাভ করেন। এছাড়া ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে জাপান ফাউন্ডেশন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নর্থামব্রিয়া থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ড. মামুনের দেশ-বিদেশে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাজ্য, জাপান, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও লেকচার প্রদান করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), মন্ত্রিপরিষদ বিভাগসহ ইউএনডিপি, ইউএসএআইডি ও জেট্রোর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। গবেষণা ও প্রকাশনায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে তার ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ ও বই প্রকাশিত হয়েছে।
ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: bd24live
This theme has been developed by OURISLABD.
Post a Comment