পেকুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
পেকুয়া প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগ তুলে কক্সবাজারের পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর নেতৃত্বে পেকুয়া কলেজ গেট চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা দাবি করেন।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তবে মিছিলে দেওয়া কিছু স্লোগানে সহিংসতার আহ্বানমূলক ভাষাও শোনা যায়।
পরে পেকুয়া বাজারে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নূরী।
বক্তব্যে নাঈমুর রহমান হৃদয় বলেন, ছাত্রলীগের অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার। দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে সদস্য সচিব আবুল কাশেম নুরীও ছাত্রলীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় ছাত্র-সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
This theme has been developed by OURISLABD.
