পেকুয়ায় বিদ্যুতের তারে ট্রাকে আগুন, পুড়ল পাটকাঠিসহ গাড়ি
খোরশেদুল ইসলাম, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পাটকাঠিবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকসহ অধিকাংশ পাটকাঠি পুড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার)। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৩টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমোড়া স্টেশন এলাকায় আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করা পাটকাঠি স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে একটি ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল। পথে কাছারিমোড়া এলাকায় সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে অতিরিক্ত উচ্চতায় বোঝাই করা পাটকাঠির সংস্পর্শ ঘটে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
আগুন দেখতে পেয়ে চালক দ্রুত ট্রাকটি থামিয়ে হেলপারসহ গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাক ও বোঝাই করা অধিকাংশ পাটকাঠি পুড়ে যায়।
উলফুল ও পাটকাঠি ব্যবসায়ী সমিতির নেতা নুরুল হোসেন বলেন, দুর্ঘটনায় মালামালসহ পুরো গাড়িটি পুড়ে গেছে। তবে চালক ও হেলপার প্রাণে বেঁচে যাওয়াই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত উচ্চতায় পণ্য পরিবহন ও সড়কের ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
This theme has been developed by OURISLABD.
