পেকুয়ায় প্রাণনাশের ভয়ে এক মাস ধরে বাড়িছাড়া বৃদ্ধ দম্পতি, হামলা-ভাঙচুর ও হুমকির অভিযোগ
নাজেম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজপাড়ায় প্রাণনাশের আশঙ্কায় এক মাস ধরে নিজ বাড়িতে ফিরতে পারছেন না বৃদ্ধ স্বামী-স্ত্রী। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা, বসতবাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তাঁরা। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মনজুর আলম। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন।
ভুক্তভোগী মনজুর আলমের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসতভিটা ও জমি নিয়ে তাঁর সৎ ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনা বেড়েছে। থানায় অভিযোগ করার পর প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তাঁর স্ত্রী মরিয়ম খাতুন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজপাড়ার মৃত শের আলীর ছেলে মনজুর আলমের সঙ্গে তাঁর তিন সৎ ভাই ফজল কবির, বাদশা ও মোস্তাকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় ৪৫-৫০ বছর আগে জনৈক জাকের আহমদের কাছ থেকে বসতভিটাসহ পাহাড়ি রিজার্ভ এলাকার কিছু জমি ক্রয়ের দাবি করেন মনজুর আলম। এরপর থেকে ওই জমি তাঁর দখলে রয়েছে বলে দাবি তাঁর। বসতভিটা ছাড়াও ৩ একর ৫৬ শতক ফসলি জমি তাঁর দখলে রয়েছে বলে জানান তিনি।
জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় গ্রাম আদালত, থানা ও আদালতে একাধিকবার মামলা-মোকদ্দমা হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘদিনেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
মনজুর আলম অভিযোগ করে বলেন, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাঁর বসতভিটায় ভাঙচুর চালিয়ে গাছ কেটে নিয়ে যায়। এর প্রতিবাদ করায় তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার দুই দিন পর শনিবার সকালে বনকানন বাজারে তাঁকে প্রাণনাশের চেষ্টা করা হয়। হাসানসহ কয়েকজন ধারালো কিরিচ নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তিনি একটি দোকানে আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, ‘আমি থানায় জিডি করেছি। পুলিশ তদন্তে আসার পরও তাদের সামনে আমাকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। গত এক মাস ধরে বাড়ির বাইরে রয়েছি। আমি ও আমার স্ত্রী প্রাণভয়ে বাড়িতে ফিরতে পারছি না। আমাদের জানমালের নিরাপত্তা নেই। ইতোমধ্যে প্রায় ৭০ শতক জমি জবরদখল করা হয়েছে। বাড়িতে তিনটি গরু রয়েছে। সেগুলো নিয়েও দুশ্চিন্তায় আছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মনজুর আলম ও মরিয়ম খাতুনের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। পাঁচ ছেলের মধ্যে তিনজন সৌদি আরব ও দুবাইয়ে অবস্থান করছেন। তাঁরা সেখানে মসজিদে ইমামতির পাশাপাশি বিভিন্ন পেশায় নিয়োজিত। দেশে থাকা দুই ছেলে চট্টগ্রাম ও চকরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই মেয়েও বিবাহিত। সন্তানরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও বৃদ্ধ মা-বাবার নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
মনজুর আলমের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, ‘আমিও বাড়িতে যাচ্ছি না। বাড়িটি পাহাড়ি এলাকায় হওয়ায় ভয় আরও বেশি লাগে। ছেলেদের কেউ এলাকায় নেই। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হাসান। তিনি বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কর্মসূচির কাজে মনজুর আলম বাধা দেন। আমি রাস্তার পক্ষে। ভিটা থেকে কিছু জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এ কারণে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে এসব অভিযোগ করছেন।’
এ বিষয়ে পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু হয়েছে। হাসান বন বিভাগের দায়ের করা একটি মামলার পলাতক আসামি। ওই মামলায় তিনি ফেরারি রয়েছেন।
দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ দম্পতির বাড়িছাড়া থাকার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।
This theme has been developed by OURISLABD.
