পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ রাফি মনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদিরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু রাফি মনি ওই এলাকার মিজানুর রহমানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু রাফি মনি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে পাওয়া যায়।
পরে স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবদুল আলিম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।
This theme has been developed by OURISLABD.