পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সায়েদ খাঁন, উচ্ছ্বসিত ফ্রন্ট ফাইটারের খেলোয়াড়রা
তৃণমূলের ক্রিকেটারদের স্বপ্ন পূরণে নতুন আশার প্রত্যাশা
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নবঅনুমোদিত কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য হয়েছেন মগনামা ফ্রন্ট ফাইটার ক্রিকেট একাদশের প্রতিষ্ঠাতা মো. সায়েদ খাঁন। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফ্রন্ট ফাইটার ক্রিকেট একাদশের খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা করছেন, সায়েদ খাঁনের নতুন দায়িত্ব পেকুয়ার তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা সরকারি পত্রে উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম।
মগনামা ফ্রন্ট ফাইটার ক্রিকেট একাদশের প্রতিষ্ঠাতা হিসেবে সায়েদ খাঁন স্থানীয় ক্রিকেট অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। উপজেলা ক্রীড়া সংস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাঁর অন্তর্ভুক্তিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন, খেলার সুযোগ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে তাঁর ভূমিকার প্রত্যাশা করছেন তরুণ খেলোয়াড়রা।
ফ্রন্ট ফাইটার ক্রিকেট একাদশের খেলোয়াড় মুবিনুল ইসলাম বলেন, “মো. সায়েদ খাঁন ভাই আমাদের ফ্রন্ট ফাইটার ক্রিকেট একাদশের প্রতিষ্ঠাতা। তাঁর হাত ধরে আমরা খেলাধুলায় উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি, তাঁর এ দায়িত্বপ্রাপ্তি পেকুয়ার তরুণ ক্রিকেটারদের এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে।”
একই দলের খেলোয়াড় আসিফ খান বলেন, “সায়েদ খাঁন ভাই সবসময় খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়ামুখী করার বিষয়ে আগ্রহী। উপজেলা ক্রীড়া সংস্থায় তাঁর অন্তর্ভুক্তি পেকুয়ার ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক খবর। আমরা তাঁর সফলতা কামনা করি। আশা করি, তিনি নতুন দায়িত্বে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের মতে, তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ক্ষেত্রে কার্যকর ক্রীড়া সংগঠন, পর্যাপ্ত খেলার মাঠ, নিয়মিত প্রতিযোগিতা এবং প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ।
তাঁদের প্রত্যাশা, নতুন কমিটি পেকুয়ার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ নেবে। পাশাপাশি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। সায়েদ খাঁনসহ কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করলে পেকুয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
উল্লেখ্য, মগনামা ফ্রন্ট ফাইটার ক্রিকেট একাদশের প্রতিষ্ঠাতা মো. সায়েদ খাঁন আসন্ন মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। ক্রীড়াঙ্গনের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। এবার পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর এ অর্জনকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
