শিরোনাম ::
শিরোনাম ::

সন্তানের স্মৃতি ও বিবেকের তাড়নায় ক্ষতিপূরণের ৩০ হাজার টাকা ফেরালেন শোকাহত বাবা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সাড়ে চার বছরের শিশু মো. তামিমের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ৩০ হাজার টাকা ফিরিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তার বাবা মানিক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টাকাগুলো মালিকপক্ষকে ফেরত দেওয়া হয়।

গত ২১ সেপ্টেম্বর দুপুরে পেকুয়া উপজেলার মগনামা সাবমেরিন ঘাঁটি সড়কের চেপ্টাখালী এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু তামিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেন।

পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে টমটম মালিকপক্ষ মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরীর কাছে ৩০ হাজার টাকা জমা দেয়। চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ক্ষতিপূরণের অর্থ গ্রহণের অনুরোধ জানালেও এতে রাজি হননি নিহত শিশুর বাবা মানিক।

পরে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জমা দেওয়া ৩০ হাজার টাকা মালিকপক্ষকে ফেরত দেওয়া হয়।

বাষ্পরুদ্ধ কণ্ঠে নিহতের বাবা মানিক বলেন, “কোটি টাকা দিলেও আমার ছেলেকে আর ফিরে পাব না। এই টাকা নিলে মৃত ছেলের আত্মা ও নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকব। বিবেকের কাছে পরিষ্কার থাকতেই টাকাটা ফেরত দিয়েছি।”

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, “সন্তান হারানোর বেদনা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। মানিকের সিদ্ধান্ত আমাদের গভীর মানবিক শিক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মালিকপক্ষকে টাকা ফেরত দিয়েছি।”

শিশু তামিমের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ক্ষতিপূরণের অর্থ গ্রহণ না করে বাবার এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%