কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে শীঘ্রই- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ
রেজাউল করিম রেজা,পেকুয়া:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও সাগরের উত্তাল ঢেউ মোকাবিলায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উপকূলীয় সুরক্ষায় ধাপে ধাপে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার ঘোষণা দিয়েছে সরকার। উপজেলার মোট ৪০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অংশের মধ্যে প্রথম পর্যায় অতি দ্রুত ৬ কিলোমিটার আধুনিক বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুতুবদিয়ার বড়ঘোপ ও আলী আকবর ডেইল সংযোগস্থল সংলগ্ন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সকাল ৯টায় প্রতিমন্ত্রী বড়ঘোপ ঘাটে পৌঁছালে স্থানীয় প্রশাসন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং ভাঙনকবলিত মানুষদের স্থায়ী সমাধানের দৃঢ় আশ্বাস দেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক এ.টি.এম. নুরুল বশর চৌধুরী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কুতুবদিয়া প্রতিনিয়ত ঘূণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনের কবলে পড়ে। বছরের পর বছর ধরে সাগরের পানিতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। তাই একটি টেকসই, আধুনিক ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। পানি সম্পদ প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শন ও দ্রুত কাজ শুরুর আশ্বাসে উপকূলের নিরাশ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
কুতুবদিয়ার কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা সফরে যান। সেখানে তিনি পেকুয়া সদরের মেহেরনামা এলাকা এবং মগনামা ইউনিয়নের ঐতিহ্যবাহী শরৎঘোনা ও সোনালী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্ত স্লুইসগেটসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি স্লুইসগেটগুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
কুতুবদিয়ার কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা সফরে যান। সেখানে তিনি পেকুয়া সদরের মেহেরনামা এলাকা এবং মগনামা ইউনিয়নের ঐতিহ্যবাহী শরৎঘোনা ও সোনালী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্ত স্লুইসগেটসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি স্লুইসগেটগুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী, বিএনপি নেতা ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড এম মোসলেহ উদ্দিন, মগনামা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বিএনপি নেতা সায়েদ খান শান্ত এবং বিএনপি নেতা তৌহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসা পানি সম্পদ প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর হকসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.
