লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ আটক-১
মোঃ সেলিম মিয়া, লালমনিরহাট :
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।
আটককৃত যুবকের নাম মোঃ লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মোঃ নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে লালমনিরহাট থানার জিডি (নং-৮৬৭) মূলে এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর থানাধীন ৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা টোল প্লাজার দক্ষিণ পার্শ্বে স্থাপিত পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
এ সময় সন্দেহজনকভাবে একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামানো হয়। পরে তার শরীর তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আমেরিকান ডলার সদৃশ নোট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই যুবকের কাছ থেকে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়। জব্দকৃত এই বৈদেশিক মুদ্রার সর্বমোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম বলেন, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৪ ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Foreign Exchange Regulation Act, 1947) অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment