চকরিয়া-পেকুয়াবাসীকে নবনির্বাচিত সালাহউদ্দিনএর কৃতজ্ঞতা
এই বিজয় জনগণের স্বাধিকার পুনরুদ্ধারের দলিল
খোরশেদুল ইসলাম,পেকুয়াঃ
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এক আবেগঘন বার্তায় ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাই ফেইসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বিজয়কে কেবল ব্যক্তিগত জয় নয়, বরং জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক 'ঐতিহাসিক দলিল' হিসেবে অভিহিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, চকরিয়া, পেকুয়া, মাতামুহুরি ও পৌরসভার প্রতিটি স্তরের সম্মানিত ভোটারবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের লড়াকু নেতাকর্মীদের অদম্য সাহস ও দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। যারা আমাকে বিশ্বাস করেছেন এবং মূল্যবান ভোট দিয়ে আস্থা রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
বিজয় পরবর্তী আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়ে নেতা-কর্মীদের কঠোর বার্তা দিয়েছেন এই নবনির্বাচিত প্রতিনিধি। তিনি বলেন, বিনয় হোক বিজয়ের অলংকার। বিজয় আমাদের উদ্ধত করে না বরং দায়বদ্ধ করে তোলে। কোনো প্রকার কৃত্রিম উন্মাদনায় না মেতে আমাদের মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। ক্ষমতা যেন আমাদের মোহাচ্ছন্ন না করে বরং জনসেবাই হবে আমাদের মূল লক্ষ্য।
অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাজনৈতিক শিষ্টাচার
নির্বাচনী লড়াই শেষে এখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় আজ সমাপ্ত। এখন সময় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রদর্শিত রাজনৈতিক সৌজন্য ও অভিনন্দন বার্তাকে আমি সাধুবাদ জানাই। রাজনীতিতে এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি অব্যাহত রাখার অঙ্গীকারও করেন তিনি।
৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার মহিমান্বিত গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের শহীদদের পবিত্র রক্ত ও আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা হবে জাতীয় দায়িত্ব।
শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম চলবে।
মতাদর্শিক ভিন্নতা এবং সুস্থ বিতর্ক থাকবে, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতি হবে এক ও অবিভাজ্য।
পরিশেষে তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
This theme has been developed by OURISLABD.
Post a Comment